সর্বশেষ

10/recent/ticker-posts

বগুড়ায় জামায়াতের কর্মী হত্যায় ৪৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের

বগুড়ায় জামায়াতের কর্মী হত্যায় ৪৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের





বগুড়া প্রতিনিধি:-

বগুড়ায় জামায়াত কর্মী মিজানুর রহমান হত্যার অভিযোগে ৪৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে সদর থানায় মামলাটি দায়ের করেন নিহত মিজানুরের বন্ধু মোছাদ্দিকুর রহমান। মামলায় আওয়ামীলীগ, যুবলীগের ও ছাত্রলীগের নেতা-কর্মীসহ ৪৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও ১০০ জনকে আসামি করা হয়েছে। 

গত ২০১৩ সালে ৩১ জানুয়ারি, পৌনে ১ টার সময় শহরতলীর সাবগ্রাম কমান্ড প্লাজার সামনে উপর্যুপরি ছুরিকাঘাত ও লাঠিসোটা দিয়ে মারপিটে নিহত মিজানুর রহমান কুমিল্লার তিতাস উপজেলার সরকারবাড়ী গ্রামের আবু কালাম সরকারের ছেলে। তিনি বগুড়ায় মুরগির হ্যাচারিতে কাজ করতেন শহরতলীর সাবগ্রাম মাস্টার পাড়ায় থাকতেন। এছাড়াও তিনি জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন- জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম মোহন, দপ্তর সম্পাদক ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আল রাজী জুয়েল, পৌরসভার ৮ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ইব্রাহিম হোসেন, জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাশরাফী হিরো, জেলা যুবলীগের সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নাইমুর রাজ্জাক তিতাস, জেলা যুবলীগ নেতা মাইসুল ইসলাম কোয়েল, ছাত্রলীগ নেতা মুকুল ইসলাম, সাবেক ছাত্রলীগ নেতা অসীম কুমার, ওয়ার্ড যুবলীগ নেতা রুবেল মিয়া ও সম্পদ পশারীসহ আরও অনেকে।

 এজাহারে উল্লেখ করা হয়েছে, ২০১৩ সালের ৩১ জানুয়ারি, পৌনে ১ টার দিকে সাবগ্রাম কমান্ড প্লাজার সামনে দাঁড়িয়ে ছিলেন মিজানুর রহমান। এ সময় আসামিরা পূর্ব পরিকল্পিতভাবে দেশি অস্ত্রে সজ্জিত হয়ে মিজানুরকে ঘিরে ধরেন। ১ নং আসামি আল রাজি জুয়েলের হুকুমে ৫ নং আসামি সম্পদ পশারী হত্যার উদ্দেশ্যে বার্মিজ চাকু দিয়ে মিজানুরের পেটে আঘাত করেন। পরে ৬ নং আসামি সঞ্জু সরকার হত্যার উদ্দেশ্যে উপর্যুপরি ছুরিকাঘাত করেন। অন্য আসামিরা লাঠি ও রড দিয়ে আঘাত করে তাঁর মৃত্যু নিশ্চিত করে। পরে তারা জয় বাংলা শ্লোগান দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। 

সদর থানার ওসি এস.এম মঈনুদ্দীন মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত মিজানুরের বন্ধু মোছাদ্দিকুর রহমান বাদী হয়ে গত বৃহস্পতিবার রাতে মামলাটি দায়ের করেছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ