সর্বশেষ

10/recent/ticker-posts

চট্টগ্রামে ট্রাকের সঙ্গে পাহাড়িকা এক্সপ্রেসের সংঘর্ষ, দেড় ঘণ্টা বন্ধ ছিল ট্রেন চলাচল

 

চট্টগ্রামে ট্রাকের সঙ্গে পাহাড়িকা এক্সপ্রেসের সংঘর্ষ, দেড় ঘণ্টা বন্ধ ছিল ট্রেন চলাচল
চট্টগ্রামে ট্রাকের সঙ্গে পাহাড়িকা এক্সপ্রেসের সংঘর্ষ, দেড় ঘণ্টা বন্ধ ছিল ট্রেন চলাচল

মিরসরাইয় (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চট্টগ্রামের মিরসরাইয়ে রেলক্রসিংয়ের ওপর বিকল হয়ে থাকা একটি বালুবাহী ট্রাকের সঙ্গে পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও প্রায় দেড় ঘণ্টা ওই পথে ট্রেন চলাচল বন্ধ ছিল।

রবিবার (৭ জুন) সকালে মিরসরাই উপজেলার জোরারগঞ্জ মধ্যম সোনাপাহাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, একটি বালুবাহী ট্রাক রেলক্রসিং অতিক্রম করার সময় হঠাৎ বিকল হয়ে লাইনের ওপর আটকে পড়ে। এ সময় চট্টগ্রাম থেকে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন ঘটনাস্থলে পৌঁছালে ট্রাকটিকে ধাক্কা দেয়। সংঘর্ষে ট্রাকটি ক্ষতিগ্রস্ত হয় এবং রেলপথে সাময়িকভাবে যান চলাচল ব্যাহত হয়।

দুর্ঘটনার পর সকাল ৮টা ৫৫ মিনিট থেকে সকাল সাড়ে ১০টা পর্যন্ত ওই রুটে ট্রেন চলাচল বন্ধ থাকে। পরে উদ্ধার কার্যক্রম শেষে রেললাইন সচল করা হলে পাহাড়িকা এক্সপ্রেস পুনরায় সিলেটের উদ্দেশ্যে যাত্রা শুরু করে এবং ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের সময় বিকট শব্দে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসে। তবে সৌভাগ্যবশত ট্রেনে থাকা যাত্রী কিংবা ট্রাকের সঙ্গে সংশ্লিষ্ট কেউ হতাহত হয়নি।

রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিক বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে যায়। কী কারণে দুর্ঘটনা ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান, দুর্ঘটনার পর ট্রাকচালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। তাকে শনাক্তের চেষ্টা চলছে। বর্তমানে ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ